ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে প্রায় ১০ হাজার ইয়াবা উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ । ৪:৩৮ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে পরিচালিত এ অভিযানে ৯ হাজার ৮২৫ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীন সিংগারবিল বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে কাশীনগর এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ২০১৮/৩-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-কে অবহিত করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে ইয়াবাগুলো ধ্বংস করা হবে বলে জানানো হয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্তবর্তী এলাকা বিশেষ করে বিজয়নগর উপজেলা, আখাউড়া এবং মাধবপুর উপজেলা এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

বিজিবি কর্তৃপক্ষ জানায়, দেশের সীমান্ত নিরাপদ রাখতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে তাদের এই অভিযান ধারাবাহিকভাবে চলবে।

কপিরাইট ©বাংলাদেশ সংবাদপত্র সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন