ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া শহরের গোকর্ণ ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ সময় অনিয়মের দায়ে তিন ব্যবসায়ীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে সদর উপজেলা প্রশাসন ও র্যাব-৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোকর্ণ ঘাট এলাকার কয়েকটি দোকানে অনুমোদন ছাড়াই জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ পাওয়া যায়।এমন তথ্যের ভিত্তিতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিনের নেতৃত্বে অভিযান চালানো হয়।
অভিযানে খোলা অবস্থায় বিক্রির জন্য রাখা প্রায় ১০ হাজার লিটার ডিজেল এবং ১০০ লিটার অকটেন জব্দ করা হয়। পাশাপাশি অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে সংশ্লিষ্ট তিন দোকান মালিককে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন জানান, র্যাবের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ মজুতের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত দোকানগুলোর কোনো বৈধ অনুমোদন ছিল না।
র্যাব-৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার মো. নূরনবী বলেন, মুদি দোকান, গ্যারেজ ও শ্রমিকদের আবাসস্থলে জ্বালানি তেল মজুতের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ । ৭:২৬ অপরাহ্ণ