ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত যুবকের দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ । ২:৫৫ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ায় এক অজ্ঞাত যুবকের বে-ওয়ারিশ লাশের দাফন সম্পন্ন করা হয়েছে সামাজিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর-এর উদ্যোগে।

জানা গেছে, গত রোববার (৫ এপ্রিল) সকাল ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর এলাকায় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

মৃত্যুর পর তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়। পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে যাচাই-বাছাই করলেও তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

পরিচয় শনাক্ত না হওয়ায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকাল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের উদ্যোগে অজ্ঞাত ওই যুবকের দাফন সম্পন্ন করা হয়।

সূত্র: সদর মডেল থানা, ব্রাহ্মণবাড়িয়া (জিডি নং- ৪৯৬, তারিখ: ০৭.০৪.২০২৬)

কপিরাইট ©বাংলাদেশ সংবাদপত্র সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন